মহারাষ্ট্রের বাজারে পাকিস্তানের বেডশিট! রহস্যের খোঁজে পুলিশি তদন্ত
মহারষ্ট্রের পুণেতে স্থানীয় মেলা থেকে কেনা বিছানার চাদরে ‘মেড ইন পাকিস্তান’ সংবলিত ট্যাগ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার মৌর্য গোসাভি মন্দির চত্বরের একটি মেলা থেকে চাদরটি কিনেছিলেন এক স্থানীয় গৃহবধূ। ব্যবহারের আগে ধোয়ার সময় ট্যাগের বিষয়টি নজরে এলে তিনি একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে পিম্পরি-চিঞ্চওয়াড় থানা পণ্যটির উৎস এবং তা মেলা পর্যন্ত কীভাবে পৌঁছাল, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। স্থানীয় পুরসভাকেও বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে প্রশাসন।
এর আগে তিনদিন আগে মহারাষ্ট্রের সাম্ভাজিনগরে পাকিস্তানি প্রসাধনী বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরপর এই দুটি ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বেআইনি পথে আসা এসব সামগ্রী স্থানীয় বাজারের ওপর প্রভাব ফেলার পাশাপাশি আমদানি নীতি ও নিরাপত্তা নিয়েও বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশ এখন পাকিস্তানি পণ্য প্রবেশের এই চক্রটিকে চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদার করেছে।