পালাবদলের পরেই বিরাট সাফল্য! সন্দেশখালি ও বাসন্তীতে উদ্ধার অস্ত্রের পাহাড়
পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেশখালি, কুমড়াখালির সরবেড়িয়া বাজার ও বাসন্তী এলাকায় এই অভিযান চালানো হয়। এসটিএফ-এর সঙ্গে অভিযানে অংশ নেয় বসিরহাট পুলিশ জেলা ও স্থানীয় থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর পেছনে কোনো চোরাচালান সিন্ডিকেট জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অভিযানের সাফল্য নিয়ে রাজ্য পুলিশের ডিজিপি, এসটিএফ টিম এবং বসিরহাট পুলিশের কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে এই মারণাস্ত্রগুলো মজুত করা হয়েছিল। এক বার্তায় তিনি আরও অভিযোগ করেন যে, আগের সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ নাগরিক ও বিরোধী কর্মীদের দমনের জন্য এই ধরনের অস্ত্র মজুত করা হতো। তবে বর্তমানে রাজ্যজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।