বিশ্ববাজারে অস্থিরতা, অর্থনীতি বাঁচাতে জরুরি বৈঠকে মোদী!
বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিক অনিশ্চয়তার মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে বর্তমান টালমাটাল বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের আর্থিক বৃদ্ধির গতিপথ অক্ষুণ্ণ রাখা, ব্যবসা-বাণিজ্য সহজতর করার নতুন সংস্কার এবং পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত সংকট মোকাবিলার কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়েছে।
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব ও জ্বালানি সংকট মোকাবিলায় আমদানির ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতির ভিত্তি মজবুত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নাগরিকদের জ্বালানি সাশ্রয়, স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহণ ব্যবহারের পরামর্শগুলোর বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
৫ জুন প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং জিডিপির আকার ৩২৩.১২ লক্ষ কোটি টাকায় পৌঁছাতে পারে। বিশেষ করে সেকেন্ডারি ও টার্শিয়ারি সেক্টরের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ভারতের এই অর্থনৈতিক অগ্রযাত্রা বজায় থাকছে, যা দেশটির অর্থনীতিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল হিসেবে প্রতিষ্ঠিত রেখেছে।