মিত্র দেশেই নজরদারি! ইজরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে কাঁপছে পেন্টাগন
ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। পেন্টাগনের ভাষ্যমতে, ইসরায়েলের এই গুপ্তচরবৃত্তির ধরন অত্যন্ত আক্রমণাত্মক, যা মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা এবং স্পর্শকাতর তথ্যের গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন তাদের কাউন্টার-ইন্টেলিজেন্স ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে পাল্টা প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছে।
দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা সত্ত্বেও পেন্টাগনের এই পদক্ষেপ পারস্পরিক বিশ্বাসের অভাবকে স্পষ্ট করেছে। সাধারণত বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে এ ধরনের গোয়েন্দা নজরদারি এড়ানোর প্রথা থাকলেও, ইসরায়েলের তথ্যের পরিধি নির্ধারিত সীমারেখা ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ। মূলত নিজস্ব কর্মকর্তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতেই পেন্টাগন এই আপোষহীন অবস্থান গ্রহণ করেছে।