সংসদেও কি কোণঠাসা হতে চলেছেন কাকলি ও সুখেন্দু, বহিষ্কারের পথে তৃণমূল!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার সংসদের অন্দরে বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, দলবিরোধী কর্মকাণ্ড ও সংসদীয় কমিটি ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে দল থেকে বহিষ্কার করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, এই দুই সাংসদ গোপনে একটি সমান্তরাল গোষ্ঠী বা ‘নতুন তৃণমূল’ গঠনের চেষ্টা করছেন এবং অন্যান্য সাংসদদের নিজেদের পক্ষে টানার কাজ করছেন। এই চক্রান্তের সুনির্দিষ্ট প্রমাণ তৃণমূল নেত্রীর হাতে পৌঁছানোর পরই তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই এই দুই নেতা দলের শীর্ষ নেতৃত্ব ও আইপ্যাকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। এর আগে বিধানসভাতেও তৃণমূলের ৫৮ জন বিধায়ক আলাদা পরিষদীয় দল গঠন করেছেন। বিধানসভার সেই বিদ্রোহী মডেল এবার দিল্লিতে কার্যকর হওয়ার আশঙ্কায় সংসদীয় দল ভাঙনের মুখে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে শনিবার তড়িঘড়ি নয়াদিল্লি গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সমস্ত সাংসদদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকে কারা দলের আনুগত্য বজায় রাখেন আর কারা নতুন করে বিদ্রোহের পথে হাঁটেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *