ওমানের উপকূলে মার্কিন হামলা, মাঝসমুদ্রে চরম ঝুঁকিতে ২৪ ভারতীয় নাবিক!
ওমানের মাসিরাহ দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় মাদাগাস্কারের পতাকাবাহী ‘এমটি মারিভেক্স’ নামের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌসেনার হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ঘটা এই হামলায় জাহাজটিতে ভয়াবহ আগুন লেগে যায় এবং একপর্যায়ে সেটি সাগরে ডুবে যায়। কারওয়ার থেকে ওমানের দুকামগামী এই জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে স্বস্তির বিষয় হলো, প্রাথমিক তথ্যে জানা গেছে যে জাহাজে থাকা সব নাবিক সুরক্ষিত রয়েছেন।
এই আকস্মিক হামলার সুনির্দিষ্ট কারণ মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা হয়নি। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতের জাহাজ মন্ত্রক জানিয়েছে যে, নাবিকদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক এবং ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। ঘটনার দ্রুত ও নিরাপদ সমাধানের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিফেয়ার্স ইউনিয়ন। এ ঘটনার ফলে ওই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য রুট ও কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।