অভিষেকের ক্ষমতা খর্ব করলেন মমতা, নেপথ্যে কি গ্রেফতারির আশঙ্কা!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহাল রাখলেও তাঁর ক্ষমতা খর্ব করে দলের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেনকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে দলের ভরাডুবির পর বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মীদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমন এবং দলের অভ্যন্তরে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যেই শীর্ষ স্তরে এই রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী ব্যর্থতার পাশাপাশি অভিষেকের ক্ষমতা কমানোর নেপথ্যে তাঁর গ্রেফতারির আশঙ্কাকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার কাণ্ড এবং বাসভবনের নির্মাণ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও অন্যান্য দপ্তরের লাগাতার নোটিশের মুখে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সংশ্লিষ্ট মহলের মতে, আইনি সংকটের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন—এই আগাম সম্ভাবনা মাথায় রেখেই দলীয় নেতৃত্ব ক্ষমতা ভাগ করে দিয়েছেন, যাতে তাঁর অনুপস্থিতিতেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত না হয়।