অন্নপূর্ণা যোজনার টাকা পেতে এবার কড়া নিয়ম, পরিবারের সবার তথ্য লাগবেই!

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহিলাদের জন্য আর্থিক সহায়তার মডেলে বড় পরিবর্তনের ঘোষণা করা হলো। পূর্বতন সরকারের ১৫০০ টাকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে এবার দ্বিগুণ অনুদান নিয়ে চালু হলো ‘অন্নপূর্ণা যোজনা’। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এবং পাঁচজন সুবিধাভোগীর হাতে প্রতীকী চেক তুলে দেন। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি অনুদানের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি স্পষ্ট করা হয়েছে যে, এবার থেকে প্রকৃত প্রাপক নির্ধারণে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে প্রশাসন।

প্রকল্পটিতে স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন গ্রহণ করা হচ্ছে। ভুয়ো উপভোক্তাদের ছাঁটাই করতে আগামী তিন মাস প্রতি সপ্তাহে আবেদনকারীদের তালিকা যাচাই ও সংশোধন করা হবে। নতুন আবেদন ফর্মে পরিবারের সদস্যদের ব্যাঙ্ক ডিটেইলস, আধার নম্বর, সরকারি পেনশন সংক্রান্ত তথ্য, জিএসটিআইএন (GSTIN) ও ব্যবসার বিবরণ এবং বার্ষিক আয়ের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য হলো, প্রকৃত অভাবীদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া এবং একই পরিবারের যাতে একাধিক প্রকল্পের সুবিধা নেওয়া বা সরকারি অর্থের অপচয় না ঘটে, তা নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *