ইন্ডিয়া জোটের এই পরিণতির দায় কার, মমতা নাকি নীতীশ?

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নীতীশ কুমারের এনডিএ-তে যোগদানের নেপথ্য রহস্য ফাঁস করেছেন জেডিইউ-এর কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় ঝাঁ। তাঁর দাবি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ভাঙন এবং নীতীশ কুমারের দলবদলের নেপথ্যে মূল ভূমিকা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। সঞ্জয় ঝাঁ-এর এই বিস্ফোরক মন্তব্যের জেরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

জেডিইউ নেতার ব্যাখ্যা অনুযায়ী, ২০২৩ সালে নীতীশ কুমারের উদ্যোগেই বিরোধীরা জোটবদ্ধ হয়েছিল এবং তাঁকে জোটের ‘আহ্বায়ক’ করার বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল মল্লিকার্জুন খাড়গেকে জোটের মুখ করার প্রস্তাব দিলে সেই সমঝোতা ভেঙে যায়। এই আকস্মিক সিদ্ধান্তে নীতীশ কুমার চরম হতাশ হন এবং বিরোধী জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৮ জানুয়ারি তিনি বিহারের মহাজোট সরকার ভেঙে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেন। বিরোধী শিবিরের এই অভ্যন্তরীণ ফাটল এবং নীতীশ কুমারের দলবদল শেষ পর্যন্ত তাঁকে তৃতীয় মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *