তৃষ্ণায় ধুঁকে মরুভূমিতে মৃত্যুমিছিল, সাহারার বুকে মর্মান্তিক ট্রাজেডি!
নাইজারে মরুভূমির তীব্র গরমে ও জলের অভাবে ৪৯ যাত্রীর মৃত্যু
পশ্চিম আফ্রিকার নাইজারে সাহারা মরুভূমির বুক দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মানবিক বিপর্যয়ে ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মালি থেকে নাইজারের আগাদেজ অঞ্চলে ফেরার পথে আসসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে তাঁদের বহনকারী ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। ট্রাকটি মেরামত করতে ব্যর্থ হওয়ার পর মরুভূমির প্রচণ্ড উত্তাপ ও পানীয় জলের তীব্র সংকটে পড়ে ওই যাত্রীরা একে একে প্রাণ হারান। তবে এই ঘটনায় অলৌকিকভাবে দু’জন যাত্রী বেঁচে গেছেন, যারা দীর্ঘ ৫০ কিলোমিটার পথ হেঁটে লোকালয়ে পৌঁছে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে গণকবরের ব্যবস্থা করেছে। মূলত ইউরোপগামী শরণার্থী ও অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত সাহারার এই দুর্গম অঞ্চলটি বর্তমানে রেকর্ড ভাঙা তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে ঘটা এই মৃত্যুমিছিল সাহারা মরুভূমির বিপজ্জনক যাত্রাপথে মানুষের নিরাপত্তা ও টিকে থাকার ঝুঁকিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আগাদেজ প্রশাসন এ ঘটনাকে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।