কাটমানির জের, তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হলো!
হাওড়ার শ্যামপুরে দুর্নীতির অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে জনসমক্ষে হেনস্থা করার ঘটনা ঘটেছে। রবিবার সকালে অভিযোগকারীদের দাবি, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই নেতার বাড়িতে চড়াও হন। এ সময় তাঁকে অর্ধনগ্ন করে মাথা মুড়িয়ে ও জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক জব কার্ড, আধার কার্ড ও ব্যাংক পাস বই উদ্ধার করার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা দড়ি দিয়ে বেঁধে ওই নেতাকে নিয়ে মিছিল করছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ন্যাসী মান্নাকে উদ্ধার করে হেফাজতে নেয়। অভিযুক্ত নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উন্নয়নের কাজের জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন এবং তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।