ফের রক্তাক্ত নানুর, গোষ্ঠী সংঘর্ষে ঝরল রক্ত, মৃত ১!
শনিবার রাতে নানুরের কীর্ণাহার থানার লডাঙা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শেখ মকসুদ (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার আকস্মিকতায় পুরো গ্রামজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, প্রায় এক বছর আগে গ্রামের একটি মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত হয়েছিল। সেই পুরনো শত্রুতার জের ধরে শনিবার রাতে শেখ মকসুদ বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই গোষ্ঠীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও মারামারি শুরু হয়।
খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসারত অবস্থায় শেখ মকসুদের মৃত্যু হয়। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহলদারি বাড়ানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।