তৃণমূলের দুঃশাসন রুখে বাংলায় দ্বিতীয় স্বাধীনতা, দমদম থেকে গর্জে উঠলেন শুভেন্দু!
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের শাসনকালকে ব্রিটিশ আমলের অত্যাচারের সঙ্গে তুলনা করেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদমে বিজেপির আয়োজিত এক রক্তদান শিবিরে তিনি ২০২৬ সালের এই পরিবর্তনকে বাংলার ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, রাজ্য এখন তোষণের রাজনীতি থেকে মুক্ত এবং এখানে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শক্তিকে পরাজিত করেছে।
সরকার গঠনের এক মাসের মধ্যেই নতুন প্রশাসন একাধিক প্রশাসনিক ও জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, মাত্র ২৮-২৯ দিনে প্রায় ৫০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনায়’র অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ‘জল জীবন মিশন’ প্রকল্পের গতি বাড়ানো, সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি হস্তান্তর এবং কলকাতা মেট্রো ও ওয়াটার মেট্রোর মতো প্রকল্পের জট খোলার কাজ শুরু হয়েছে। এছাড়া বিগত বাম ও তৃণমূল আমলের দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও পরিকাঠামোগত অনগ্রসরতা কাটাতে বর্তমান প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই নীতি অনুযায়ী পুলিশ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে, যার ফলে বিরোধী শিবিরে ভাঙন দেখা দিয়েছে।