ধেয়ে আসছে এল নিনো! ভারতে কি এবার তীব্র খরা?
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডাব্লিউএমও) সতর্কবার্তায় জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠায় দ্রুত শক্তি বাড়াচ্ছে এল নিনো। এর প্রভাবে ২০২৬ সালের জুন থেকে অগাস্টের মধ্যে বিশ্বজুড়ে বৃষ্টিপাতে বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে ভারতে এর সরাসরি প্রভাব পড়বে এবং এ বছর ভরা বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অংশের জলের তাপমাত্রা এবার ১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা অত্যন্ত শক্তিশালী এল নিনোর ইঙ্গিত দিচ্ছে। এই উষ্ণায়নের ফলে বায়ুপ্রবাহের স্বাভাবিক ছন্দ বিগড়ে যাওয়ায় ভারতের অনেক শহরে বৃষ্টির ঘাটতি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা ও ভারতীয় আবহাওয়া দপ্তরের মডেল অনুযায়ী, ভারতে এবার দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় মাত্র ৯০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল ও আফ্রিকার একাধিক দেশে খরার আশঙ্কা থাকলেও, ইকুয়েডরের উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ আফ্রিকার কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি বা অতিবৃষ্টি হতে পারে।