মেসিকাণ্ডে ৫ কোটির তোলাবাজি! কাঠগড়ায় আয়োজক শতদ্রু দত্ত
ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে আয়োজিত মেগা ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্তর বিরুদ্ধে ৫ কোটি টাকা তোলাবাজি, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ট্যাংরা এলাকার এক ব্যবসায়ী অভিজিৎ দত্তর করা এই অভিযোগটি প্রগতি ময়দান থানায় দায়ের করা হয়েছে। অভিজিৎ দত্তর দাবি, গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় মিথ্যেভাবে তাঁর ওপর চাপিয়ে দেন শতদ্রু দত্ত।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন অভিজিৎ দত্তকে কলকাতার একটি হোটেলে ডেকে নিয়ে শতদ্রু দত্ত ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি। ইভেন্ট আয়োজনে অব্যবস্থা, শারীরিক নিগ্রহ এবং পরবর্তী সময়ে ক্রমাগত হুমকির মুখে পড়ে ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রগতি ময়দান থানা অভিযোগটি গ্রহণ করলেও অভিযুক্ত শতদ্রু দত্তর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।