দিল্লিতে ঝড়ের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ৩টি বিমান!
রবিবার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল কালবৈশাখীর তাণ্ডবে এয়ার ইন্ডিয়ার তিনটি ন্যারোবডি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে রানওয়ে ও পার্কিং বে-তে থাকা ভারী গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) আচমকা ছিটকে গিয়ে বিমানবন্দরের টার্মিনাল-২-এ পার্ক করে রাখা বিমানগুলিতে সজোরে ধাক্কা মারে। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত বিমানগুলোকে সরিয়ে মেরামতের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বাতাসের তীব্র গতিবেগের মুখে যাত্রী ওঠানামার স্বয়ংক্রিয় সিঁড়িসহ বেশকিছু ভারী সরঞ্জাম সঠিকভাবে লক করা না থাকায় এই নিয়ন্ত্রণহীন দুর্ঘটনার সূত্রপাত হয়। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইনসের মালিকানাধীন এই সরঞ্জামগুলো বাতাসের তোড়ে বিমানের গায়ে আছড়ে পড়ে। বিশেষ করে একটি বিমানের ইঞ্জিনের ক্ষতি বেশি হওয়ায় সেটি দীর্ঘ সময়ের জন্য উড়ান পরিষেবা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এই দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত বিমানগুলোর রুটে অভ্যন্তরীণ বিমান চলাচল বিলম্বিত হতে পারে এবং যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।