তৃণমূলের ভোটব্যাঙ্কে থাবা! বামেদের বড় আন্দোলনের অপেক্ষায় বাংলা?
লোকসভা নির্বাচনে শূন্যের গেরো কাটানোর পর এবার পশ্চিমবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে সিপিএম। শাসকদল তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক দুর্বলতাকে কাজে লাগিয়ে জনসমর্থন ফেরাতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট। এই লক্ষ্যেই আগামী ২৩ ও ২৪ জুন দলের রাজ্য কমিটির বৈঠকে নির্বাচনী পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ আন্দোলনের চূড়ান্ত রূপরেখা চূড়ান্ত করা হবে।
ইতিমধ্যে জেলা স্তরে ভোটব্যাঙ্ক নিয়ে বুথভিত্তিক পর্যালোচনা শুরু করেছে বাম নেতৃত্ব। বিশ্লেষণে দেখা গেছে, বিগত নির্বাচনে বিজেপির হিন্দু ভোট পাওয়ার দাবিকে নস্যাৎ করে শহরাঞ্চল ও মফস্বলের বড় অংশ তৃণমূলের দিকে ঝুঁকেছিল। এখন সেই ভোটব্যাঙ্ক এবং সংখ্যালঘু ভোটারদের নিজেদের দিকে ফিরিয়ে আনাই বামেদের প্রধান লক্ষ্য। দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা দলের সাংগঠনিক দুর্বলতা দূর করতে শাখা স্তরে পুনর্গঠন ও কর্মী-সমর্থকদের সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র বিবৃতির রাজনীতিতে সীমাবদ্ধ না থেকে হকার উচ্ছেদ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, ফসলের সঠিক দাম এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো বুনিয়াদি ইস্যুতে লাগাতার গণআন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করেছে দলটি। একই সঙ্গে ছাত্র-যুব সংগঠনকে শক্তিশালী করে নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার কৌশল নেওয়া হয়েছে।