ভোট চুরির অভিযোগে তোলপাড়, এবার প্রধান বিচারপতিকে চিঠি দেবে ইন্ডিয়া জোট!
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিরোধী দলগুলির ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের হাইভোল্টেজ বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও ছাত্র সমাজের ভবিষ্যৎ রক্ষায় ২৫টি সহযোগী দল এই মেগা বৈঠকে যোগ দিয়ে পাঁচটি মূল বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপির অভিযোগ এবং নিট ও সিবিএসই পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে তীব্র প্রতিবাদে নামছে বিরোধী শিবির।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নজরে আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়ার ঘটনাকে ‘ভোট চুরি’ বলে অভিহিত করেছেন। এছাড়া, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নজরদারির অভাবেই পরীক্ষার প্রশ্নফাঁস এবং অব্যবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ এনে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশজুড়ে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট।