আন্তর্জাতিক যোগ দিবসে মাতল পুরুলিয়া, যোগাভ্যাসে সামিল জেলাশাসক!
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ যোগ ব্যায়াম অনুশীলন শিবির। সোমবার সকালে পুরুলিয়া সার্কিট হাউসের মাঠে আয়োজিত এই শিবিরে জেলাশাসক সুধীর কোন্তম, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অশোক বিশ্বাস, জেলা বনাধিকারিক অঞ্জন গুহ, অতিরিক্ত জেলাশাসক পূরবী মাহাতো ও সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষসহ প্রশাসনের শীর্ষ কর্তারা অংশ নেন। আন্তর্জাতিক যোগ প্রটোকল মেনে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট ধরে সরকারি আধিকারিকরা বিভিন্ন যোগ মুদ্রার অনুশীলন করেন। প্রশাসনিক কর্তাদের পাশাপাশি এই শিবিরে স্কুলের শিক্ষার্থী, প্রবীণ নাগরিক ও বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
আধুনিক জীবনযাত্রায় ডায়াবেটিস, স্ট্রোক ও হাইপার টেনশনের মতো অসংক্রামক ব্যাধি মোকাবিলার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগাভ্যাসের প্রয়োজনীয়তার বার্তা দেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রত্যাশা, জেলাশাসকের নেতৃত্বে এই উদ্যোগকে নিয়মিত অনুশীলনে পরিণত করা গেলে স্থানীয় জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ সুফল পাবেন।