৮ বছর পর বড় সিদ্ধান্ত, সিবিআই তদন্তের পথ প্রশস্ত করল রাজ্য সরকার!
দীর্ঘ আট বছর পর পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের নীতিতে বড় পরিবর্তন আনল রাজ্যের বর্তমান বিজেপি সরকার। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬-এর অধীনে সিবিআই-কে রাজ্যে পুনরায় ‘জেনারেল কনসেন্ট’ বা সাধারণ সম্মতি দেওয়া হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী অথবা তাদের সঙ্গে যুক্ত বেসরকারি ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে, যার জন্য রাজ্য সরকারের আলাদা অনুমতির প্রয়োজন হবে না। তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কাছ থেকে আগাম লিখিত অনুমতির বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া তদন্তের ক্ষেত্রেও কেন্দ্রীয় সংস্থাটি এই সুবিধা পাবে।
উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সিবিআই-এর জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে বিগত আট বছর ধরে তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হতো। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড় প্রভাব পড়বে এবং বিভিন্ন মামলা ও আমলাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গতি আসবে।