সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-টম্যাটো বৃষ্টি, আদালতে যাওয়ার পথে তীব্র জনরোষ!
২০১৮ সালে ভয় দেখিয়ে প্রায় এক কোটি টাকা তোলার অভিযোগে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সোমবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম ও টম্যাটো ছুড়তে থাকেন এবং এলাকায় ‘চোর’ স্লোগান দিতে থাকেন। সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও খুনের হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন সব্যসাচী দত্ত। তিনি ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ২০১৮ সালে ভয় দেখানোর কোনো ঘটনা ঘটেনি। সব্যসাচীর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ প্রমাণ হলে তিনি ফাঁসির সাজা মাথা পেতে নেবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে এবং অভিযোগকারী ব্যক্তি অতীতে একই থানায় গ্রেপ্তার হয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।