তৃণমূল ছাড়ছেন আরও তিন সাংসদ! দিল্লির ঝড়ে কাঁপছে ঘাসফুল শিবির
তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের পর রাজ্য ও লোকসভায় বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। দলীয় সূত্রে খবর, লোকসভার প্রায় ২০ জন সাংসদ এনডিএ শিবিরে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে স্পিকারকে চিঠি দিয়েছেন। এছাড়া শতাব্দী রায়ের বাসভবনে বিক্ষুব্ধ সাংসদদের বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
সংসদীয় উচ্চকক্ষ রাজ্যসভাতেও তৃণমূলের অন্দরে অস্থিরতা চরমে পৌঁছেছে। সোমবার গভীর রাতে বিজেপির এক হেভিওয়েট নেতার সঙ্গে তৃণমূলের তিন রাজ্যসভা সদস্যের গোপন বৈঠকের খবর পাওয়া গেছে। একইসঙ্গে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। এই পরিস্থিতিতে দলীয় অবস্থান স্পষ্ট করতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদ। তাঁরা দাবি করেছেন, এজেন্সি বা ক্ষমতার দাপট দেখিয়ে তৃণমূলের সৈনিকদের মনোবল ভাঙা সম্ভব নয়।