বিদেশে বসে কোটি কোটি টাকা লুঠ, ৩৬ হাজার ভারতীয় সিম কার্ডের পর্দাফাঁস!

ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে চলা সাইবার জালিয়াতির তদন্ত করতে গিয়ে একটি বড়সড় আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা। রাজস্থানের যোধপুর সাইবার ক্রাইম পুলিশের একটি এফআইআর-এর সূত্র ধরে চালানো এই তদন্তে জানা গেছে, কম্বোডিয়া থেকে ৩৬ হাজারেরও বেশি ভারতীয় মোবাইল সিম কার্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। এই চক্রটি এখন পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি প্রতারণা করেছে বলে ইডি সূত্রে জানা গেছে।

তদন্তে উঠে এসেছে, অপরাধীরা দেশের নিম্নবিত্ত ও অসচেতন নাগরিকদের পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে এই সিম কার্ডগুলো সক্রিয় করত। সংগৃহীত সিমগুলো পরে মালয়েশিয়ার মাধ্যমে কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, যেখান থেকে হোয়াটসঅ্যাপ কলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করত। জব্দ করা ৩৬ হাজার সিমের মধ্যে ৫,৩০০টি কার্ড সরাসরি সাইবার অপরাধে ব্যবহারের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বর্তমানে ইডি রাজস্থান ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই চক্রের ডিজিটাল প্রমাণ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *