সরকারি জমিতে বেআইনি দখল! তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের

ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (ভিএমসি) একটি মূল্যবান সরকারি জমি বেআইনিভাবে দখল ও ঘেরাও করার অভিযোগে বিপাকে পড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ ইউসুফ পাঠান। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল ও বিচারপতি ডি.এন. রায়ের ডিভিশন বেঞ্চ এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জানতে চেয়েছে, কোনো আনুষ্ঠানিক বরাদ্দ বা অর্থ প্রদান ছাড়াই কীভাবে জনসম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা সম্ভব। ২০১২ সালে ভাদোদরার তান্ডালজা এলাকায় ৯৭৮ বর্গমিটারের জমিটির জন্য আবেদন করেছিলেন পাঠান, যা ২০১৪ সালে রাজ্য সরকার সরাসরি খারিজ করে দেওয়া সত্ত্বেও তিনি সেটি দখল করে রেখেছিলেন।

আদালতের একক বেঞ্চ ইউসুফ পাঠানকে অবৈধ দখলদার হিসেবে ঘোষণা করার পর তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন। সেই শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সরকারি সম্পত্তি দখলকারী কোনো ব্যক্তিই আদালতের কাছ থেকে কোনো প্রকার স্বস্তি পাবেন না। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁকে জমিটি খালি করার পাশাপাশি বেআইনি ব্যবহারের জন্য জরিমানাও দিতে হতে পারে। এছাড়া, বিনা অনুমতিতে জমি ঘেরাও করার সুযোগ দেওয়ায় ভাদোদরা কর্পোরেশনের সংশ্লিষ্ট আধিকারিকদের ভর্ৎসনা করে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। লোকসভা নির্বাচনে জয়লাভের ঠিক দুই দিন পরই ভিএমসি তাঁকে জমি খালি করার নোটিশ দেয়, যা এখন আইনি জটিলতার মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *