নেপালে পালানোর ছক, শেষমেশ জালে তৃণমূলের ‘পুষ্পা’!

দীর্ঘ দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। রবিবার দুপুরে ভারত-নেপাল সীমান্তের জলটঙ্কি বাজার এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও দার্জিলিং পুলিশ তাকে গ্রেপ্তার করে। হত্যা, তোলাবাজি ও নির্বাচনী অনিয়মসহ অন্তত সাতটি গুরুতর মামলার আসামি এই নেতার গ্রেপ্তারির ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, গ্রেপ্তারি এড়াতে জাহাঙ্গীর প্রথমে ফাঁসিদেওয়ায় আত্মগোপন করেছিলেন এবং পরে সপরিবারে নেপালে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেন। এমনকি তিনি কাঠমান্ডুতে একটি বাড়িও ভাড়া করেছিলেন এবং সন্তানের স্কুলের ভর্তির ব্যবস্থাও সম্পন্ন করেছিলেন। ইলেকট্রনিক নজরদারি এড়াতে ফোন বন্ধ রাখা ও সিম কার্ড পরিবর্তনের মতো কৌশল অবলম্বন করলেও শেষ পর্যন্ত তার সহযোগী ও পরিবারের সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারির সূত্র ধরে পুলিশ তাকে শনাক্ত করে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি রোধে বড় ধরনের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *