কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসে হাজির মোদী! বড় প্রস্তুতি শুরু স্বাস্থ্য ভবনে
কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় আয়োজন, ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হতে চলেছে। ১২ বছরের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় স্তরের মূল অনুষ্ঠানটি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে যাচ্ছে। এই কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এই আয়োজন সফল করতে রাজ্য স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই সব জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে।
এবারের যোগ দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘যোগ ফর হেলদি এজিং’ অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সুস্থ জীবনধারার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘হিমালয় টু সি যোগ’, ‘গঙ্গা যোগ করিডর’, ‘হেরিটেজ যোগ সিরিজ়’ এবং চা-বাগান ও সুন্দরবন কেন্দ্রিক বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রবীণ নাগরিক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ বিভিন্ন জনগোষ্ঠীকে যোগাভ্যাসের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে। জেলাশাসক, পঞ্চায়েত ও পুরসভার সমন্বয়ে এই কর্মসূচি রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন।