নো ম্যানস ল্যান্ডে তিন দিন, ১০ বাংলাদেশিকে উদ্ধার করে অনন্য নজির বিএসএফের!

জলপাইগুড়ির নগর বেরুবাড়ি সীমান্তে প্রায় তিন দিন খোলা আকাশের নিচে আটকে থাকা ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে অভিযুক্ত এই নাগরিকদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত পার হতে বাধা দিলে তারা জিরো পয়েন্টে আটকা পড়েন। প্রতিকূল আবহাওয়া ও তীব্র ঝড়বৃষ্টির মধ্যে ক্ষুধা ও আতঙ্কে দিন কাটানোর পর, মানবিক কারণে বিএসএফ তাদের উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তাদের জলপাইগুড়ির একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে যশোর, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার বাসিন্দাসহ দুটি শিশু রয়েছে। অতীতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও তারা সম্প্রতি নিজ দেশে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু বিজিবি তাদের প্রবেশে বাধা দেয়। বিএসএফের পক্ষ থেকে বিজিবি’র সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অনমনীয় মনোভাব ও সহযোগিতার ঘাটতির কারণেই এই মানবিক সংকটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *