সই-কাণ্ডে তুঙ্গে বিতর্ক, অভিষেককে তলব সিআইডির!
সই জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ফের সিআইডি-র তলব এড়িয়ে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও, তিনি দিল্লিতে থাকার কথা জানিয়ে এবং মামলাটি বিচারাধীন উল্লেখ করে তদন্তকারীদের কাছে সময় চেয়েছেন। সিআইডির দেওয়া পূর্ববর্তী একাধিক নোটিসের প্রেক্ষিতে এটি তার পক্ষ থেকে হাজিরা এড়িয়ে যাওয়ার আরও একটি ঘটনা।
অভিষেকের হাজিরা না দেওয়ার পাশাপাশি এদিন রাজ্যজুড়ে সিআইডি-র সক্রিয়তাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা মঙ্গলবার দুপুর থেকেই একযোগে ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদের অফিস এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালান। বিরোধী দলনেতা নির্বাচন প্রক্রিয়ার সময় বিধায়কদের সই জালিয়াতির যে অভিযোগ ওঠে, সেই সংক্রান্ত নথিপত্রের খোঁজেই এই অভিযান চালানো হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। বিধায়কদের সই সংক্রান্ত ওই বিতর্কিত অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতেই বর্তমানে সিআইডি তদন্ত চালাচ্ছে।