বেলডাঙা অশান্তিতে এনআইএ-র ইউএপিএ প্রয়োগ, হাইকোর্টের নজরে রাজ্য!
মুর্শিদাবাদের বেলডাঙায় চলতি বছরের শুরুতে ঘটা অশান্তির ঘটনায় এনআইএ-র তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) প্রয়োগের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে এনআইএ তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কেন ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে, সে বিষয়ে রাজ্যের বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত।
জানুয়ারি মাসে পরিযায়ী শ্রমিকের খুনের গুজবকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটেছিল। তদন্তভার হাতে নিয়ে এনআইএ ইউএপিএ ধারায় মামলা রুজু করলে তৎকালীন রাজ্য সরকার তার বৈধতা চ্যালেঞ্জ করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার আদালতে রাজ্যের কৌঁসুলি জানান, নীতিগতভাবে ইউএপিএ প্রয়োগে সরকারের কোনো আপত্তি নেই, তবে প্রক্রিয়াগত দিকটি যাচাই করা প্রয়োজন। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে সরকার তাদের চূড়ান্ত অবস্থান জানাবে।