ভূমিকম্পে দুলছে ৩৬ তলা ভবন, ভিডিও দেখে শিউরে উঠল বিশ্ব!

সোমবার সকালে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন বহু মানুষ। ভূমিকম্পের তীব্রতায় শহরের বেশ কিছু আধুনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে বহু ইমারত। এর মধ্যে ৩৬ তলা একটি বহুতল ভবন পেন্ডুলামের মতো এপাশ-ওপাশ দোলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় প্রবল কম্পনের জেরে ভবনের ছাদে থাকা সুইমিং পুলের জল উপচে নিচে পড়ছে। কম্পন অনুভূত হওয়ার সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা প্রাণভয়ে দ্রুত নিচে নেমে আসেন।

বিশেষজ্ঞদের মতে, আকাশচুম্বী ভবনগুলো আধুনিক ও নমনীয় কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়, যাতে তীব্র কম্পনের সময়ও তা ভেঙে না পড়ে। তাঁদের দাবি, ভূমিকম্পের সময় ভবনটির এই দুলুনি আসলে তার ভূমিকম্প-প্রতিরোধী ব্যবস্থার কার্যকারিতারই প্রমাণ। বিজ্ঞানসম্মত এই ব্যাখ্যা সত্ত্বেও, ভবনের এই ভয়াবহ দুলুনির দৃশ্য বিশ্বজুড়ে মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *