পুনর্বাসনের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ সরকার, ১২ জুন থেকে ত্রিপুরায় ৭২ ঘণ্টার ধর্মঘট!
২০২৪ সালের শান্তিচুক্তির শর্ত অনুযায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরায় আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF)-এর সদস্যরা। এই অভিযোগ তুলে আগামী ১২ জুন থেকে ৭২ ঘণ্টার লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন দুটি। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, শান্তিচুক্তি স্বাক্ষরের প্রায় দুই বছর পার হলেও পুনর্বাসন প্যাকেজের ২৫০ কোটি টাকার কোনো বাস্তব অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হলেও কোনো সন্তোষজনক সাড়া মেলেনি। এমনকি গত ১ জুন মুখ্যমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করেও কোনো প্রতিক্রিয়া পাননি বলে তাদের অভিযোগ।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপস্থিতিতে এনএলএফটি ও এটিটিএফ-এর সঙ্গে হওয়া চতুর্পাক্ষিক চুক্তির আওতায় ৫৮৪ জন জঙ্গি অস্ত্র জমা দিয়ে মূলস্রোতে ফিরে আসেন। ত্রিপুরায় শান্তি বজায় রাখার লক্ষ্যে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বর্তমানে পুনর্বাসন নিয়ে সৃষ্ট এই অসন্তোষ ও ধর্মঘটের ডাক প্রশাসনের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিশেষ করে খোয়াই জেলার তেলিয়ামুড়া ও খোয়াই এলাকায় সড়ক ও রেল অবরোধের পরিকল্পনা নেওয়া হয়েছে।