নেহেরুর রেকর্ড ভেঙে ইতিহাস, টানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রীর মসনদে মোদী!
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর টানা ৪৩৯৮ দিনের রেকর্ড ভেঙে আজ ১০ জুন ২০২৬ তারিখে ৪৩৯৯ দিন পূর্ণ করে নতুন ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর ১৯৫২ সালের মে মাস থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত নেহেরুর এই দীর্ঘ মেয়াদী রেকর্ডটি সাত দশক ধরে অক্ষুণ্ণ ছিল। চা বিক্রেতা থেকে উঠে আসা মোদী ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে টানা এই দীর্ঘ সময় ধরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এই মাইলফলক উদযাপনের লক্ষ্যে বুধবার দিল্লিতে এনডিএ জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। ভারত মণ্ডপমে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী জোটের আগামী দিনের রাজনৈতিক কৌশল ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে তিনি এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, মোদী সরকারের গত ১২ বছরের শাসনামলে ৩৭০ ধারা বিলোপ, ডিজিটাল বিপ্লব, অবকাঠামো উন্নয়ন ও ‘স্বনির্ভর ভারত’ গড়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।