দিঘার জগন্নাথ ধামের নাম বদল, সিদ্ধান্তকে সাধুবাদ জানাল ইসকন!
দিঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে ‘দিঘা জগন্নাথ মন্দির’ করার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসকন। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধারমণ দাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে তারা অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, এই পদক্ষেপ পশ্চিমবঙ্গ ও ওড়িশার মানুষের মধ্যে আধ্যাত্মিক মেলবন্ধন সুদৃঢ় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করতে ইতিবাচক ভূমিকা পালন করবে।
ওড়িশার মানুষের ভাবাবেগ এবং মহাপ্রভু জগন্নাথদেবের আদি বাসস্থানের প্রতি সম্মান জানাতেই এই নাম পরিবর্তন করা হয়েছে। ইসকনের পক্ষ থেকে একে দুই রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন মজবুত করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। রাধারমণ দাস আশাপ্রকাশ করেছেন যে, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলা ও ওড়িশাসহ বিভিন্ন প্রান্তের ভক্তরা মহাপ্রভুর সান্নিধ্য লাভের সুযোগ পাবেন। ভবিষ্যতে দিঘা জগন্নাথ মন্দির যেন আধ্যাত্মিকতা, মহাপ্রসাদ বিতরণ এবং সনাতন ধর্মের প্রসারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।