আফগানিস্তানে পাক সেনার ভয়াবহ হামলা, ১১ শিশুসহ নিহত ১৩!

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাতে আফগান আকাশসীমা লঙ্ঘন করে দেশটির খোস্ত, কুনার ও পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এই হামলায় নারী ও শিশুসহ মোট ১৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের তথ্যমতে, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া হামলায় আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। আফগান প্রশাসন এই ঘটনাকে অমানবিক অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতদের শহিদ হিসেবে ঘোষণা করেছে। এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।