মেসি কি ছোটবেলার বন্ধু? অরূপ বিশ্বাসের আচরণে চরম লজ্জা, হাইকোর্টের তীব্র ভর্ৎসনা!
মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের আবহে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মামলার শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্ত্রীর আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করে প্রশ্ন তোলেন, মেসির মতো বিশ্বমানের খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে কেন এমন গাফিলতি করা হলো। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের অন্যান্য শহরে মেসির সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও, কলকাতার ঘটনাটি রাজ্যের জন্য চরম লজ্জার এবং তা বিশ্বমঞ্চে অস্বস্তি তৈরি করেছে।
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ আগস্ট। আদালত আপাতত অরূপ বিশ্বাসকে ১৭ আগস্ট পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপের হাত থেকে রক্ষাকবচ প্রদান করেছে। সেই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, আগামী শুনানির দিনে পুলিশকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে এবং যদি এই ঘটনায় অন্য কোনো মামলা দায়ের হয়ে থাকে, তবে রাজ্য পুলিশের ডিজি-কে তার বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।