স্কুলের সিকরুমে লাখ লাখ টাকা ও কন্ডোম! কাঠগড়ায় সাংসদ-বিধায়ক?
কাঁচরাপাড়ার ‘হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল’-এর ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে স্কুলটিতে তল্লাশি চালিয়ে অ্যাকাউন্ট সেকশনের আলমারি থেকে লক্ষ লক্ষ টাকা এবং সিক রুম থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার করা হয়। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের দাবি, নগদ টাকার পরিমাণ ২৬ লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।
স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল দাবি করেছেন, এপ্রিল মাস থেকে সংগ্রহ করা অ্যাডমিশনের টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্ব অ্যাকাউন্টস বিভাগের ছিল। তবে সিক রুম থেকে কন্ডোম উদ্ধারের বিষয়টি তিনি স্বীকার করলেও, তা কীভাবে সেখানে এল সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। এদিকে বিধায়ক সুদীপ্ত দাসের অভিযোগ, এই টাকা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আয় নয়, বরং কাঁচরাপাড়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান কমল অধিকারী, প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং সাংসদ পার্থ ভৌমিকের কালো টাকা। উদ্ধার হওয়া অর্থের উৎস সন্ধানে বিধায়ক নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন।