প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের নির্যাতনে প্রাণ গেল ১১ বছরের মেয়ের!

উলুবেড়িয়ার ভেকুটাল এলাকায় ক্ষুধার জ্বালায় প্রতিবেশীর বাড়ি থেকে খাবার খাওয়ার অপরাধে ১১ বছর বয়সী সুহানা নামের এক শিশুকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত মা শাকিলা বেগমকে গ্রেফতার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতারের পর সোমবার আদালতে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরম দারিদ্র্যের কারণে সুহানার পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। কিছুদিন আগে সুহানা তার চার বছরের ভাইকে নিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে খাবার খেয়ে আসায় সৎবাবার তিরস্কারের মুখে পড়েন মা শাকিলা। অভিযোগ, সেই ক্ষোভ থেকেই গত বুধবার শাকিলা তার মেয়েকে বেধড়ক মারধর করেন। মারধরের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সুহানার মৃত্যু হয়। মৃতার এক আত্মীয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *