কলেজে ফের অস্ত্র উদ্ধার, শোরগোল পড়ে গেল সর্বত্র!
কলকাতা: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের একটি বন্ধ এনএসএস (NSS) রুমের তালা ভেঙে ৬টি তরোয়াল ও ১টি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর আগে গত ২ জুন এই কলেজেরই আরেকটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও একটি বন্দুক উদ্ধার হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে অস্ত্র উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে। একই ক্যাম্পাসে সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ আইন কলেজ, সান্ধ্যকালীন কলেজ ও পার্শ্ববর্তী সুরেন্দ্রনাথ মহিলা কলেজ পরিচালিত হওয়ায় এই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও শিক্ষা দফতর। পরপর ঘটা এই অসংলগ্ন ঘটনাপ্রবাহ নিয়ে তদন্তকারীরা বিশেষ তৎপরতা দেখাচ্ছেন।