ওমান উপকূলে ট্যাঙ্কারে ভয়াবহ হামলা, নিখোঁজ ৩ ভারতীয় নাবিক! দিল্লির কড়া পদক্ষেপে তোলপাড়।
ওমান উপকূলে ‘সেত্তেবেল্লো’ নামক একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনায় ৩ জন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এই নজিরবিহীন ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে কড়া বার্তা দিয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজ নাবিকদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (UKMTO) জানিয়েছে, ওমানের সোহর বন্দরের কাছে জাহাজটির ইঞ্জিন রুমে হামলার পর আগুন লাগে। ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ ‘ভ্যানগার্ড’-এর তথ্যমতে, একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর জাহাজটি থেকে বিপদসংকেত পাঠানো হয়। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, আক্রান্ত ওই জাহাজে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন, যার মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারত সরকার অসামরিক পরিকাঠামোর ওপর এই ধরণের হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।