আয়না দেখে নিজেকে চিনতে পারে অক্টোপাস! বুদ্ধিমত্তার নতুন চমকপ্রদ তথ্য

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে, অক্টোপাস আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে লুকিয়ে থাকা শিকার খুঁজে বের করতে সক্ষম। আমেরিকার ডার্টমাউথের সাইকোলজিক্যাল অ্যান্ড ব্রেন সায়েন্সেস বিভাগের গবেষক মেরি কিসেলারের নেতৃত্বে তিনটি ক্যালিফোর্নিয়া টু-স্পট অক্টোপাসের ওপর এই পরীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৭৩ শতাংশ ক্ষেত্রে অক্টোপাসগুলো আয়নার সাহায্য নিয়ে সফলভাবে তাদের শিকারের সঠিক অবস্থান চিহ্নিত করতে পেরেছে। বিজ্ঞানীদের মতে, নতুন গাড়িচালক যেভাবে ‘রিয়ারভিউ মিরর’ ব্যবহার করতে শেখে, অক্টোপাসও সেভাবেই পরিবেশ বোঝার হাতিয়ার হিসেবে আয়নাকে ব্যবহার করতে শিখেছে।

এতদিন আয়নায় প্রতিবিম্ব দেখে খাবার খুঁজে বের করার এই দক্ষতা কেবল স্তন্যপায়ী প্রাণী ও পাখির মতো কিছু মেরুদণ্ডী প্রাণীর মধ্যে সীমাবদ্ধ বলে ধারণা করা হতো। এই নতুন গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো প্রমাণিত হলো যে, অমেরুদণ্ডী প্রাণীরাও শিকারের কৌশল হিসেবে আয়না ব্যবহার করতে সক্ষম। বেঁচে থাকার তাগিদে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সহজাত প্রবৃত্তি থেকেই অক্টোপাস এই জটিল দক্ষতা অর্জন করেছে বলে গবেষকরা জানিয়েছেন। এই আবিস্কার অক্টোপাসের স্নায়বিক বিকাশ ও বুদ্ধিমত্তা সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়ার পাশাপাশি প্রাণীজগতের আচরণ নিয়ে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *