শহরকে জলমগ্নতার হাত থেকে বাঁচাতে বড় পদক্ষেপ, হাওড়ার সব খাটাল উচ্ছেদের কড়া সিদ্ধান্ত পুরসভার!
হাওড়া শহরের দীর্ঘদিনের জলমগ্ন সমস্যার স্থায়ী সমাধানে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে ধাপে ধাপে সব খাটাল উচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার দাবি, খাটাল থেকে নির্গত গোবর ও অন্যান্য বর্জ্য পদার্থ নিকাশি নালায় ফেলার ফলেই নালাগুলি বুজে যাচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে শহরের সব খাটালের একটি সমীক্ষা চালানো হবে। এরপর খাটাল মালিকদের নির্দিষ্ট সময়সীমা দিয়ে নোটিশ পাঠানো হবে। সেই সময়ের মধ্যে মালিকরা নিজ উদ্যোগে খাটাল না সরালে প্রশাসন বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালাবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী উমেশ রায়। এদিকে, পুরসভার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে খাটাল মালিকদের দাবি, নিকাশি নালা বুজে যাওয়ার জন্য কেবল খাটালের বর্জ্য দায়ী নয়, এর পেছনে অন্য কারণও রয়েছে। তবে সমস্ত আপত্তি উড়িয়ে শহরকে জঞ্জাল ও জলমুক্ত করতে পুরসভা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।