ভুয়ো শংসাপত্র বিতরণে জিরো টলারেন্স, দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নেবেন মন্ত্রী!
অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে জাতিগত শংসাপত্র প্রদানে ব্যাপক দুর্নীতির অভিযোগে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। আদিবাসী ও অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত জনজাতিদের ক্ষেত্রে বিপুল পরিমাণ ভুয়া শংসাপত্র বিলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতে রাজনৈতিক চাপে যেসব সরকারি আধিকারিক এই অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে ভুয়া শংসাপত্র ইস্যুকারী চক্রকে ভাঙতে রাজ্যজুড়ে দ্রুত তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যারা এই শংসাপত্র ব্যবহার করে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদেরও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়েও বিশেষ তৎপরতা দেখিয়েছেন মন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি। রাজ্যের বিভিন্ন প্রান্তে জরাজীর্ণ রাস্তা ও ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের জন্য একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে আসা অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, তালিকা চূড়ান্ত হওয়ার পর অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নড়বড়ে সেতু ও রাস্তাগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে।