ডায়মন্ড হারবারে মাটি খুঁড়তেই উদ্ধার কোটি টাকার ওষুধ, তুঙ্গে রাজনৈতিক চর্চা!
ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের কোটি কোটি টাকার ওষুধ মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে বিজেপি কর্মী-সমর্থকরা জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধের মজুত ভাণ্ডার উদ্ধার করেন। অভিযোগ, বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ থাকা এই ওষুধগুলি মানুষের কাছে না পৌঁছে মাটির নিচে পুঁতে নষ্ট করা হচ্ছিল এবং উদ্ধার হওয়া ওষুধগুলোর অধিকাংশেরই মেয়াদ এখনো এক থেকে দুই বছর বাকি রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। বিষয়টি ড্রাগ কন্ট্রোলের নজরেও আনা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। সরকারি প্রকল্পের অব্যবস্থাপনা ও ওষুধ নষ্ট করার এই ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।