রক্ষাকবচ পেয়েও নিস্তার নেই অরূপের, সুপ্রিম কোর্টের পথে শতদ্রু!
সল্টলেক স্টেডিয়ামে লিয়োনেল মেসির ইভেন্ট ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে আদালতের এই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। আদালতের নির্দেশ অনুযায়ী, অরূপ বিশ্বাস অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না এবং তাঁকে নিজের পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। সেই সঙ্গে যুবভারতীতে মেসির এত কাছাকাছি পৌঁছানোর ঘটনায় প্রাক্তন মন্ত্রীকে ভর্ৎসনাও করেছে আদালত।
শতদ্রু দত্তের অভিযোগ, অতীতে তাঁকে ‘প্রভাবশালী’ তকমা দিয়ে একাধিকবার জামিন নাকচ করা হয়েছিল, অথচ অরূপ বিশ্বাসের ক্ষেত্রে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। তিনি যুক্তি দিয়েছেন যে, প্রাক্তন মন্ত্রীর তদন্ত প্রভাবিত করার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তিনি বারবার পুলিশি তলব এড়িয়ে গেছেন। এই প্রেক্ষাপটে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন শতদ্রু দত্ত। প্রয়োজনে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই বিশৃঙ্খলার জেরে ইতোমধ্যে অরূপ বিশ্বাসের পদত্যাগ এবং ঘটনার তদন্তের জন্য সিট (SIT) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।