স্কুলের ভল্টে পৌনে ২ কোটির পাহাড়, সঙ্গে মিলল আপত্তিকর সামগ্রী!
উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ‘হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল’-এর ভল্ট থেকে নগদ প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার স্কুলের অধ্যক্ষ ও হিসাবরক্ষকদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে গোলমালের জেরে বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্কুল তল্লাশি চালিয়ে একটি গোপন ভল্টের হদিশ পাওয়া যায়, যেখান থেকে এই টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্কুলের দুই হিসাবরক্ষককে পুলিশ আটক করেছে।
তদন্তের সময় স্কুলের ভেতরে একটি বিলাসবহুল ঘর এবং ‘সিক রুম’-এর আলমারি থেকে প্রচুর পরিমাণে কনডম ও আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্কুল চত্বরে দীর্ঘ দিন ধরে দুষ্কৃতীদের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপ চলত। এদিকে, স্কুলটির পরিচালন সমিতির সভাপতি বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই কমল অধিকারী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্কুলের আড়ালে কোনো বড় ধরনের বেআইনি কারবার বা রেশন দুর্নীতির টাকা লুকানো ছিল কি না, তা খতিয়ে দেখতে বীজপুর থানা তদন্ত শুরু করেছে।