অবশেষে স্বস্তি, গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন সোনার দাম!
আন্তর্জাতিক বাজারে রেকর্ড পতন: ৬ মাসের সর্বনিম্ন দরে সোনা ও রুপো
আন্তর্জাতিক বাজারের প্রভাবে ভারতীয় বাজারে বড় ধরনের দরপতন ঘটল সোনা ও রুপোর দামে। বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে ১.৪৬ লক্ষ টাকায় দাঁড়িয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি, রুপোর দামেও বড় ধস নেমেছে; একদিনেই ১ কেজি রুপোর দাম ৫,০০০ টাকা কমে প্রায় ২.৩০ লক্ষ টাকায় নেমে এসেছে। এই সপ্তাহে রুপোর দাম সব মিলিয়ে প্রায় ১৮,০০০ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,০২২.০৯ ডলারে নেমে আসায় এই মূল্যহ্রাসকে বিনিয়োগকারীদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ মুদ্রাস্ফীতি (৪.২ শতাংশ) এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কার জেরেই মূল্যবান ধাতুর বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিও এই পতনের অন্যতম কারণ। স্টোনএক্স-এর বিশ্লেষক ম্যাট সিম্পসনের মতে, সোনার দাম দ্রুত ৪,০০০ ডলারের দিকে এগোচ্ছে। বাজার বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব পরিস্থিতির কারণে সৃষ্ট এই দরপতন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সোনা ও রুপো সংগ্রহের একটি বিশেষ সুযোগ তৈরি করেছে।