অভিষেক ভবানী ভবনে ফিরতেই রহস্যময়ী নারীর তাণ্ডব, কেন ছুঁড়লেন ডিম!
বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে তলব পেয়ে বৃহস্পতিবার বিকেলে সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কলকাতা হাই কোর্টের নির্ধারিত সময়ের ১২ মিনিট আগেই তিনি দপ্তরে প্রবেশ করেন। অভিষেক ব্যানার্জির প্রবেশের মুহূর্তেই ভবানী ভবনের বাইরে এক মাস্ক পরিহিতা নারীর উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়।
নিজেকে ‘উদিতা’ বলে পরিচয় দিয়ে ওই নারী জানান, তিনি দিল্লি থেকে এসেছেন। গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার উদ্দেশ্যে তিনি ভবানী ভবনের বাইরে এসেছিলেন, তবে সঙ্গে ডিম না থাকায় তা সম্ভব হয়নি। ঘটনাটি সম্পূর্ণ স্বপ্রণোদিত বলে দাবি করলেও, এই রহস্যময়ী নারীর উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ কৌতুহলের জন্ম দিয়েছে। উল্লেখ্য, এর আগে মে মাসের শেষের দিকে সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে ইট, জুতো ও ডিম ছোঁড়ার মতো বিক্ষোভের ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে।