দিল্লির ভয়াবহ হোটেলের অগ্নিকাণ্ড! প্রাণ হারালেন বাংলাদেশি নারী, বাড়ছে মৃতের সংখ্যা
দিল্লির মালব্য নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রেহানা আখতার (৩৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক। ঢাকার বাসিন্দা রেহানা তাঁর স্বামীর কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার জন্য গত ২ জুন দিল্লি এসেছিলেন এবং সাকেতের ‘ফ্লোরিশ ইন স্টে’ হোটেলে উঠেছিলেন। ৪ জুনের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় রেহানার ভাই নুরুল আমিনের আগেই মৃত্যু হয়েছিল, এবার দীর্ঘ লড়াইয়ের পর প্রাণ হারালেন রেহানা নিজেও।
এদিকে, গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ। হোটেলটিতে নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে ওপরের তলা নির্মাণ এবং অনুমতি ছাড়া পরিচালনার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই হোটেলের মালিক লভকেশ বাজাজসহ দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বুধবার আদালত হোটেল মালিককে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।