প্রেমের মর্মান্তিক পরিণতি! দলিত যুবককে পিটিয়ে খুন করল উচ্চবর্ণের পরিবার
উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালে উচ্চবর্ণের এক কিশোরীর সঙ্গে বন্ধুত্বের জেরে ১৮ বছর বয়সী কেতন লাল নামে এক দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। হামলায় মৃতের বন্ধু দিবাকর দিমরি গুরুতর আহত হয়ে বর্তমানে বৌরাড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরীর পরিবারের বিরুদ্ধে এই বর্বরোচিত হামলার অভিযোগ তুলেছেন মৃতের স্বজনরা।
পুলিশ জানায়, দেওয়াল গ্রামের বাসিন্দা কেতনের সঙ্গে খোলগড় গ্রামের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। রবিবার রাতে কিশোরীর ফোন পেয়ে বন্ধুকে নিয়ে সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রেখে লাঠিপেটা করা হয়। সোমবার সকালে কেতনের বাবা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যশবীর সিং পাঁওয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং পুলিশ হত্যার পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।