প্রশ্নফাঁস করলেই ১০ বছরের জেল ও ৫০ লক্ষ জরিমানা, এল যুগান্তকারী আইন!
বিরোধীদের তীব্র বিক্ষোভ ও স্লোগানবাজির মধ্যেই সংসদের বাদল অধিবেশনে সোমবার লোকসভায় পেশ করা হয়েছে ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। সরকারি চাকরির ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অসাধু উপায় দমনের লক্ষ্যে বিদ্যমান আইনে কড়াকড়ি আনতেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই সংশোধনী বিলটি উপস্থাপন করেন। বিলটির খসড়া অনুযায়ী, পরীক্ষায় অনৈতিক কাজে জড়িতদের জন্য ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
বিল পেশের সময় नीट (NEET) প্রশ্নফাঁস কাণ্ড ও শিক্ষার্থীদের ওপর পুলিশি বলপ্রয়োগের অভিযোগ তুলে বিরোধীরা লোকসভা ও রাজ্যসভায় তীব্র হট্টগোল শুরু করেন। অধিবেশন জুড়ে বিরোধী সাংসদদের লাগাতার স্লোগান ও প্রতিবাদের জেরে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং উভয় কক্ষের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখতে বাধ্য হন স্পিকার ও চেয়ারম্যান। প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা অচলাবস্থার কারণে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের কার্যক্রম কার্যত ভেস্তে গিয়েছিল।